
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গভীরে যেতে হবে। গত বুধবার সংসদের মধ্যে ঘটনার পর সরকারি ভাবে প্রতিক্রিয়ায় একথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্বভারতীয় হিন্দি সংবাদপত্র দৈনিক জাগরণকে দেওয়া এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী জানিয়েছেন, সরকার এই ঘটনাকে কোনও ভাবেই ছোট করে দেখছে না। বরং খুব গভীর ভাবে এই ঘটনাকে দেখা হচ্ছে।
বুধবারের ঘটনাকে উদ্বেগজনক এবং দুভার্গ্যজনক বলেই অভিহিত করেছেন তিনি। প্রধানমন্ত্রীর মতে, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করছেন। এর আগেই অবশ্য এই ঘটনা নিয়ে বিরোধীদের বার্তা দিয়েছিলেন। মোদী জানিয়েছিলেন, এই ঘটনা নিয়ে রাজনীতি করার সময় নয়।এই ঘটনায় অবশ্য মূল অভিযুক্ত ললিত ঝা-সহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও হাতে এসেছে দিল্লি পুলিশের। ললিতের বিহারের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। উদ্ধার করা হয়েছে পোড়া মোবাইল ফোনের অংশ। এদিকে, এই ঘটনার সাক্ষী হিসাবে নদিয়ায় সৌরভ বলে এক ব্যক্তির পরিচয় জানতে পেরেছে পুলিশ।
