
নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর : নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স মহম্মদ বিন সলমন বিন আবদুল আজিজ আল সৌদ। সোমবার দিল্লির হায়দরাবাদ হাউসে দুই রাষ্ট্রনেতা মিলিত হন। এরপর তাঁরা দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। উভয় নেতার মধ্যেই দ্বিপাক্ষিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিনিধি পর্যায়ের আলোচনা হয়েছে।
এর আগে, সোমবার সকালে সৌদি ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানান। ভারতের আতিথেয়তায় অত্যন্ত খুশি প্রকাশ করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন।
সৌদি যুবরাজের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা আমাদের বন্ধনে নতুন মাত্রা যোগ করছি। ভারতের জন্য, সৌদি আরব আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার।"
