
নয়াদিল্লি, ২৬ অক্টোবর : একমাত্র দিল্লি সরকারই সারা বছর ধরে দূষণ নিয়ে কাজ করছে। জোর দিয়ে বললেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই। একইসঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেছেন, বিজেপি সরকার শুধুমাত্র শীতকালেও দূষণ নিয়ে কাজ করতে পারে না। গোপাল রাই নিশানা করেছেন উত্তর প্রদেশ ও হরিয়ানা সরকারকে।
দিল্লিতে বিগত কিছু দিন ধরে দূষণের পরিমাণ বেড়েই চলেছে। নাজেহাল অবস্থা হচ্ছে সাধারণ মানুষের। এই দূষণ প্রসঙ্গে বৃহস্পতিবার দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেছেন, "সম্প্রতি দিল্লিতে দূষণের মাত্রা ৩০০ ছাড়িয়েছে। আবার ২৬৫-তে নেমে এসেছে। তবে শীত আসার সঙ্গে সঙ্গে তা বাড়তে পারে। একমাত্র আমাদের সরকারই সারা বছর দূষণ নিয়ে কাজ করে। অন্যদিকে বিজেপি সরকার শীতকালেও কাজ করতে পারে না। দিল্লিতে সিএনজি বাস চলছে, যেখানে উত্তর প্রদেশ এবং হরিয়ানায় ডিজেল বাসগুলি বায়ু দূষিত করে চলেছে।"
