
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রবল তুষারপাতে সিকিমে আটকে গেলেন ১২১৭ জন পর্যটক। তাঁদের বুধবার রাতে উদ্ধার করেছে ভারতীয় সেনা। বৃহস্পতিবার বেলা বাড়ার সাথে সাথে পর্যটকদের ধীরে ধীরে উদ্ধার করে গ্যাংটকে নামানো হয়েছে। জানা গিয়েছে গত কয়েকদিন টানা তুষারপাতের ফলে বুধবার দুপুরের পর থেকে পূর্ব সিকিমের বেশকিছু জায়গায় পর্যটকেরা আটকে পড়েন। এমনকি বরফে আটকে যায় তাঁদের গাড়িগুলিও। রাস্তায় কয়েক ইঞ্চি মোটা বরফে স্তর জমে যায়, মূলত সেই কারণেই আটকে যায় পর্যটকেরা।
তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে সেনার ত্রিশক্তি কর্পস। মহিলা, পুরুষ, বৃদ্ধ, শিশুসহ রাতে মোট ১২১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এবং তাঁদেরকে রাতে থাকার জন্য সেনা ক্যাম্পগুলিতে আশ্রয় দেওয়া হয়। পর্যটকদের জন্য ব্যাবস্থা করা হয় গরম পোশাক, চিকিৎসা সহায়তা এবং গরম খাবারের। অপরদিকে লাচুংয়েও অনেকটা একইরকম পরিস্থিতি। সেখানেও তুষারপাতের জেরে ২৫-৩০ জন পর্যটক আটকে পড়েন। তাদেরকেও উদ্ধার করে সেনাবাহিনী।
সিকিমে আগামী কয়েকদিনে ফের ব্যাপক তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিম প্রশাসন সূত্রে খবর, তুষারপাত বাড়লে সেক্ষেত্রে পর্যটকদের ছাঙ্গু, নাথুলা সহ উঁচু জায়গাগুলিতে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। সেনাবাহিনীর ৩৩ কোরের মুখপাত্র অঞ্জন কুমার বাসুমাতারি জানান, পর্যটকরা আটকে যাওয়ার খবর পাওয়া মাত্রই উদ্ধার কাজ শুরু হয়। সেনা ব্যারাক খালি করে সেখানে পর্যটকদের থাকার ব্যবস্থা করা হয়। রাতে খাবার, ওষুধ, গরম পোশাক দেওয়া হয়েছে।
