
ফতেহাবাদ, ২৭ আগস্ট : কাজের জন্য আমেরিকা যেতে গিয়ে ১২ লক্ষ টাকা খোয়াতে হল এক যুবককে। হরিয়ানার ফতেহাবাদ শহরে কাজের নামে ভিসা করাতে গিয়ে ১২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্ত ৩ ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে।
পুলিশের কাছে অভিযোগকারী যুবক রিংকু জানিয়েছে, কাজের সূত্রে তিনি বিদেশে গিয়েছিলেন। রিংকুর বাড়ি আহলিসাদর গ্রামে। হিজরাওয়ান খুর্দ নামে এক ব্যক্তি তাঁকে হারমিত সিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। হরমিত এবং জগজিৎ তাকে রাশিয়ায় যাওয়ার কথা বলে। আর কোথা থেকে মার্কিন ভিসা পাওয়া যাবে সেকথাও জানায়। রিংকুকে জানানো হয় মার্কিন ভিসা পেতে হলে তাঁকে ২৫ লক্ষ টাকা দিতে হবে। ১২ লক্ষ টাকা তাঁকে অগ্রিম দিতে হবে এবং রাশিয়ায় পৌঁছোনোর পর তাঁকে আরও ১৩ লক্ষ টাকা দিতে হবে এমনই চুক্তি হয় তাদের মধ্যে। তার আগে আমেরিকায় যাওয়ার পাসপোর্ট করানোর জন্য আরও ১ লক্ষ টাকা নেয় অভিযুক্তরা।
২০২১ সালের জুন মাসে রিংকু ৩ লক্ষ টাকাও দিয়েছিলেন। রিংকু আমেরিকায় যাওয়ার কথা বললে অভিযুক্তরা জানায়, গায়ানায় সরাসরি ফ্লাইট নেই এবং তাকে প্রথমে কেনিয়া এবং সেখান থেকে গায়ানায় পাঠাতে হবে। নানাভাবে অভিযুক্তরা তাঁকে এড়িয়ে যেতে থাকে।
তিনি ২০২২ সালের মার্চ মাসে ভারতে ফিরে আসেন এবং তার পরে অভিযুক্তরা তাকে উত্ত্যক্ত করতে থাকে। রিংকু অভিযুক্তদের থেকে টাকা ফেরতা চাইলে তাকে আবার এপ্রিল মাসে দুবাই পাঠানো হয়। কিন্তু তাকে আমেরিকায় পাঠানো হয়নি বলে তিনি ফিরে এসে অভিযুক্তদের তাঁর টাকা ফেরত দিতে বলেন। এরপর তাঁকে মারধর করে অভিযুক্তরা। এই বিষয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তিনজনের বিরুদ্ধেই প্রতারণার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
