
আইজল, ৪ ডিসেম্বর: উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। সোমবার সকাল আটটা থেকে ভোটগণনা শুরু হয়েছে মিজোরামে, গটগণনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাই ভটগণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। মিজোরামে এক দফায় ভোটগ্রহণ হয়েছে গত ৭ নভেম্বর।
৩ ডিসেম্বর ভোটগণনার কথা থাকলেও, স্থানীয় সংগঠন এবং রাজনৈতিক দলগুলির দাবি মেনে নির্বাচন কমিশন জানায়, ৪ ডিসেম্বর মিজোরামে ভোটগণনা হবে। সেই মতো সোমবার সকাল আটটা থেকে উত্তর-পূর্বের এই রাজ্যে ভোটগণনা শুরু হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামে মূল লড়াই হয়েছে ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)-এর সঙ্গে কংগ্রেসের। মিজোরামে মোট বিধানসভা আসনের সংখ্যা ৪০। ৭ নভেম্বর একটি দফায় ভোট হয়েছে। এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক সংখ্যা ২১।
যুযুধান প্রধান তিন দল শাসক মিজ়ো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ), প্রধান বিরোধী জ়োরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) এবং প্রাক্তন শাসক দল কংগ্রেস সব আসনেই প্রার্থী দিয়েছিল। বিজেপি লড়েছিল ২৩টি আসনে। গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন এমএনএফ প্রধান তথা মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা (আইজল পূর্ব-১), উপ-মুখ্যমন্ত্রী তাওনলুইয়া (তুইচাং), বিরোধী দলনেতা লালডুহোমা (সেরচিপ), প্রদেশ কংগ্রেস সভাপতি লালসাওতা (আইজ়ল পশ্চিম-২)।
