
নয়াদিল্লি, ২ আগস্ট: মণিপুর ইস্যুতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন বিরোধী দলের নেতারা। বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ 'ইন্ডিয়া' জোটের ৩১ জন সদস্য এবং মণিপুর সফরে যাওয়া ২১ জন সাংসদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। মণিপুরে শান্তি প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রার্থনা করেছেন তাঁরা। জমা দিয়েছেন স্মারকলিপিও।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রপতি ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, "ইন্ডিয়া জোটের ৩১ জন সদস্য এবং মণিপুর সফরে যাওয়া ২১ জন সাংসদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ করেছি। আমরা রাষ্ট্রপতিকে, বিশেষ করে মণিপুরে মহিলাদের প্রতি নৃশংসতা, পুনর্বাসন এবং অন্যান্য অবস্থার বিষয়ে জানিয়েছি। আমাদের প্রধান দাবি হল প্রধানমন্ত্রীকে মণিপুর যেতে হবে এবং সে রাজ্যে শান্তি পুনরুদ্ধারের দিকে পদক্ষেপ নিতে হবে।" খাড়গে বলেছেন, "বিরোধী প্রতিনিধিদল হরিয়ানায় হিংসার বিষয়টিও রাষ্ট্রপতি মুর্মুর সামনে উত্থাপন করেছে।"
আম আদমি পার্টির সাংসদ সুশীল গুপ্তা বলেছেন, "আমরা দাবি করেছি, প্রধানমন্ত্রীর মণিপুর সফর করা উচিত এবং সংসদেও আসা উচিত। আমরা রাষ্ট্রপতির সঙ্গে হরিয়ানার পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি।" ডিএমকে সাংসদ টি শিবা বলেছেন, "মণিপুর সফরে যাওয়া ২১ জন সাংসদের প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে নিজেদের রিপোর্ট জমা দিয়েছে। মল্লিকার্জুন খাড়গে এবং অধীর রঞ্জন চৌধুরী গোটা বিষয়ে রাষ্ট্রপতিকে জানান। আমরা রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছি... রাষ্ট্রপতি বলেছেন তিনি বিষয়টি দেখবেন।"
