
তিরুবনন্তপুরম, ২৭ আগস্ট : ভারত আরও আন্তঃগ্রহ মিশন চালু করতে সক্ষম এবং মহাকাশ এজেন্সির উদ্দেশ্য হল মহাকাশ সেক্টর সম্প্রসারণের মাধ্যমে দেশের সামগ্রিক অগ্রগতি। বললেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান এস সোমনাথ। ইসরো প্রধান জোর দিয়ে বলেছেন, চাঁদ, মঙ্গল ও শুক্র গ্রহেও ভ্রমণের ক্ষমতা আছে ভারতের, শুধুমাত্র আত্মবিশ্বাস বাড়াতে হবে।"
শনিবার রাতে তিরুবনন্তপুরম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এস সোমনাথ বলেছেন, "চাঁদ, মঙ্গল এবং শুক্র গ্রহে ভ্রমণ করার ক্ষমতা আছে ভারতের, তবে আমাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। আমাদের আরও বিনিয়োগ দরকার এবং মহাকাশ সেক্টরকে অবশ্যই বিকাশ করতে হবে এবং এর মাধ্যমে গোটা দেশের বিকাশ করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। আমরা প্রধানমন্ত্রী মোদীর দেওয়া দৃষ্টিভঙ্গি পূরণ করতে প্রস্তুত।"
ইসরো প্রধান এস সোমনাথ আরও বলেছেন, দেশের মহাকাশ সেক্টর সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রয়েছে এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) তা বাস্তবায়নের জন্য প্রস্তুত। চন্দ্রযান-৩ মিশন প্রসঙ্গে সোমনাথ বলেছেন, "শুধুমাত্র সফট ল্যান্ডিং নয়, চন্দ্রযান-৩-এর সমস্ত দিকই ১০০ শতাংশ সফল হয়েছে। সমগ্র দেশ তা নিয়ে গর্বিত এবং আমাদের প্রতি সমর্থন জানাচ্ছে।"
