
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার দিল্লিতে সংসদ ভবনে গান্ধীমূর্তির পাদদেশে প্রতিবাদে শামিল মহিলা সাংসদগণ। সেখানে উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র, মালা রায়, শতাব্দী রায়, অপরূপা পোদ্দার, মৌসম বেনজির নূর। এছাড়াও এদিন হাজরা মোড়েও বিক্ষোভ কর্মসূচি পালন করবে তৃণমূল।
ঘটনার সুত্রপাত হয়েছে মঙ্গলবার, কলকাতা ফিল্ম ফেস্টিভালের অনুষ্ঠানে বলিউড শিল্পীদের সঙ্গে থিম সংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করেন। তা নিয়েই বুধবার ‘বেলাগাম-কুরুচিকর’ আক্রমণ করার অভিযোগ ওঠে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে। সংসদভবন চত্বরে দাঁড়িয়ে কুৎসিত অঙ্গভঙ্গি করে কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেন, “গোটা বাংলা দুর্নীতিতে জড়িত। গরিব মানুষ তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রী সলমনের সঙ্গে নাচছেন। মুখ্যমন্ত্রী উৎসব করছেন, ঠুমকা লাগাচ্ছেন, এটা উচিত নয়। ফেস্টিভ্যালে ঠুমকা লাগানো কতটা জরুরি?” যদিও দেশজুড়ে প্রবল বিতর্কের জেরে চাপে পড়ে রাতে গিরিরাজ ডিগবাজি খেয়ে বলেন, ‘‘আমি ঠুমকা বলিনি।’’ অবশ্য তাঁর আগের যে বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সেখানে এখনও ‘ঠুমকা’ শব্দটি রয়েছে।
