
চণ্ডীগড়, ১৪ আগস্ট : পঞ্জাবের পাঠানকোটে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল এক অনুপ্রবেশকারি। বিষয়টি বিএসএফের নজরে আসতেই সতর্ক করা হয়। না থামায় এরপর গুলি চালানো হয় অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে। বিএসএফের গুলিতে এক অনুপ্রবেশকারীর মৃত্যু হয়।
সোমবার বিএসএফের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ পঞ্জাবের পাঠানকোটের সিম্বল সাকোল গ্রামের কাছে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল এক অনুপ্রবেশকারী। নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ বাহিনী দেখতে পেয়েই সতর্ক করে। কিন্তু তারপরও ওই অনুপ্রবেশকারী থামেনি, সে ভারতীয় জমিতেই এগোতে থাকে। বিপদ আশঙ্কা করে বিএসএফ ওই অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুপ্রবেশকারীর। এখনও অবধি অনুপ্রবেশকারীর নাম জানা যায়নি।
