
নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর: বিরোধীদেরও নিজের শিক্ষক মনে করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার শিক্ষক দিবসে এই বার্তাই দিয়েছেন রাহুল। তাঁর মতে, বিরোধীরাই আমাকে শেখায় যে আমার পথ সঠিক। মঙ্গলবার সকালে ফেসবুক মাধ্যমে রাহুল গান্ধী জানান, "আমি মহাত্মা গান্ধী, গৌতম বুদ্ধ, শ্রী নারায়ণ গুরুর মতো মহাপুরুষদের নিজের গুরু বলে মনে করি, যারা আমাদের সমাজের সকল মানুষের সমতা এবং সকলের প্রতি সহানুভূতি ও ভালবাসার জ্ঞান দিয়েছিলেন।"
রাহুল গান্ধী শিক্ষক দিবসের শুভেচ্ছা বার্তায় ফেসবুক পোস্ট মারফত জানান, "শিক্ষক দিবসে সমস্ত শিক্ষকদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনজির জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। জীবনে গুরুর একটি খুব উচ্চ স্থান রয়েছে, যিনি আপনার জীবনের পথকে আলোকিত করেন এবং আপনাকে সঠিক পথে যেতে অনুপ্রাণিত করেন।" রাহুল আরও জানান, "ভারতের জনগণও একজন গুরুর মতো, যাঁরা আমাদের দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের উদাহরণ দেন, সাহসের সঙ্গে প্রতিটি সমস্যার সঙ্গে লড়াই করতে অনুপ্রাণিত করেন, যাঁরা নম্রতা ও তপস্যার মূর্ত প্রতীক। আমি এমনকি নিজের প্রতিপক্ষকেও আমার শিক্ষক হিসাবে বিবেচনা করি, যারা আমাকে তাঁদের আচরণ দ্বারা, তাঁদের মিথ্যার দ্বারা, তাঁদের কথার দ্বারা শেখায় যে আমি যে পথটি অনুসরণ করছি তা একেবারেই সঠিক।"
