
হায়দরাবাদ : তেলেঙ্গানার বিভিন্ন জেলায় মঙ্গলবার সকাল থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। তার ফলে ওইসব জেলায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। বিভিন্ন এলাকা জলের তলায় চলে গিয়েছে। তেলেঙ্গানার হায়দ্রাবাদ, রাঙ্গারেডি, মেধকাল, ভিকারাবাদ এবং অন্যান্য জেলার জেলা কালেক্টররা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছেন।
তেলেঙ্গানা স্টেট ডেভেলপমেন্ট প্ল্যানিং সোসাইটি সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৭টি জেলায় মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত ১১৫.৮৮ মিলিমিটার থেকে ১৪৪.৫৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, জেলার অবিরাম বৃষ্টিপাতের ফলে ভিকারাবাদের অনেক জায়গায় জল জমে রয়েছে। তারফলে হায়দ্রাবাদ শহরের বেশ কয়েকটি অংশে জল জমে যানজটের সম্মুখীন হয়েছে মানুষ। হায়দ্রাবাদের কালেক্টর শহরবাসীর উদ্দেশ্যে এক্স-এ পোস্ট করে আবেদন করেছেন, ‘বাড়ির ভিতরে থাকুন, নিরাপদে থাকুন’। আবহাওয়া দফতর তেলেঙ্গানার বিভিন্ন জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে।
