
নয়াদিল্লি, ৪ ডিসেম্বর: সংসদে যে কোনও বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে সরকার। সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন এই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সোমবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, "আজ শীতকালীন অধিবেশনের প্রথম দিন। বিরোধী দল কোনও বিষয়ে আলোচনা করতে চাইলে নোটিশ দিতে পারেন। লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান যে বিষয়েই সিদ্ধান্ত নিন না কেন, সরকার সমস্ত বিষয়ে আলোচনা করতে প্রস্তুত।"
বিরোধীদের উদ্দেশ্যে ফলপ্রসূ আলোচনার আহ্বান জানিয়ে অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, "আমরা ফলপ্রসূ অধিবেশন চাই। আমি বিরোধীদের অনুরোধ করছি, তাঁরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চান, সে বিষয়ে নোটিশ দিন। সরকার প্রতিটি বিষয়ে আলোচনা করতে প্রস্তুত।" প্রসঙ্গত, ৪ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। শীতকালীন অধিবেশন চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। মোট কাজের দিন ১৫টি।
