
নয়াদিল্লি, ৩০ জুন: ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির বৈশ্বিক স্বীকৃতি এখন বাড়ছে। শুক্রবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির বৈশ্বিক স্বীকৃতি এখন বাড়ছে। ২০১৪ সালে কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে শুধুমাত্র ১২টি ভারতীয় বিশ্ববিদ্যালয় ছিল, এখন তা ৪৫-এ উন্নীত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নের জন্য আমরা অবিরাম কাজ করছি। ২০১৪ সালের আগে ভারতে প্রায় ১০০টি স্টার্টআপ ছিল, এখন সংখ্যাটি এক লক্ষ ছাড়িয়েছে।
প্রধানমন্ত্রী এদিন এই অনুষ্ঠান থেকেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার, প্রযুক্তি বিভাগের ভবন এবং বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে নবনির্মিত একাডেমিক ব্লকের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন। তিনি বলেন, "দিল্লি বিশ্ববিদ্যালয় এমন সময় ১০০ বছর পূর্ণ করেছে যখন দেশ স্বাধীনতার ৭৫-তম বছর উদযাপন করছে... দিল্লি বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় নয়, একটি আন্দোলনও বটে।" মোদী যোগ করেছেন, একটা সময় ছিল যখন দিল্লি ইউনিভার্সিটির অধীনে মাত্র ৩টি কলেজ ছিল, এখন এই বিশ্ববিদ্যালয়ের অধীনে ৯০টিরও বেশি কলেজ রয়েছে। একটা সময় ছিল যখন ভারত ভঙ্গুর অর্থনীতির তালিকায় আসত এবং এখন ভারত বিশ্বের শীর্ষ পঞ্চম অর্থনীতির মধ্যে রয়েছে। বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি
প্রসঙ্গত, ১৯২২ সালের ১ মে প্রতিষ্ঠিত হয়েছিল দিল্লি বিশ্ববিদ্যালয়। বিগত ১০০ বছরে, বিশ্ববিদ্যালয়টি ব্যাপকভাবে প্রসারিত হয়েছে এবং এখন ৮৬টি বিভাগ এবং ৯০টি অধীনস্থ কলেজ রয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত ৬ লক্ষের বেশি শিক্ষার্থী পাস করেছে।
