
মুম্বই, ৩ নভেম্বর : মহারাষ্ট্রের পুনে শহরের তারাচাঁদ হাসপাতালের মেয়েদের হোস্টেলে শুক্রবার সকালে হঠাৎই আগুন লেগে যায়। তারফলে ছাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সব ছাত্রীকে নিরাপদে হোস্টেল থেকে বের করে আনে।
আগুনে কেউ হতাহত হননি। দমকলের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছে। এখন চলছে কুলিংয়ের কাজ। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে তারাচাঁদ হাসপাতালের ছাত্রাবাসের দোতলায় চার নম্বর রুমে আচমকাই আগুন লাগে। ছাত্রীরা হোস্টেলের ভিতরে থাকায় আগুনে তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকল বিভাগে খবর দেওয়া হয়। প্রথমে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সব ছাত্রীকে নিরাপদে বের করে আনে তারপর আগুন নেভানোর কাজ করে। ৪ নম্বর রুমে থাকা সমস্ত কাঠের আসবাবপত্র, পড়াশোনার জিনিষপত্র সহ নানা গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান রুমের হিটার থেকেই আগুন লাগে। পুলিশ তদন্ত শুরু করেছে।
