
গাজিয়াবাদ, ১২ জুন : উত্তর প্রদেশের গাজিয়াবাদে একটি বহুতল ভবনে আগুন লেগে প্রাণ হারালেন দুই মহিলা। সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৮ জনকে। সোমবার সকালে গাজিয়াবাদ জেলার লোনি এলাকার লালবাগ কলোনিতে অবস্থিত বহুতল ভবনে আগুন লাগে। গাজিয়াবাদের মুখ্য দমকল অফিসার রাহুল কুমার পাল বলেছেন, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় দুই মহিলার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পাঠানো হয় দমকলের ৩টি ইঞ্জিন। বাড়ির বেসমেন্টে তাঁবু তৈরির কাজ চলত।
মুখ্য দমকল অফিসার রাহুল কুমার পাল আরও বলেছেন, সোমবার সকাল ৬.৫২ মিনিট নাগাদ খবর পাওয়া যায় লোনি এলাকার লালবাগ কলোনিতে অবস্থিত বহুতল ভবনে আগুন লেগেছে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন, দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ৮ জন সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়, কিন্তু দুই মহিলার মৃত্যু হয়েছে।
