
নান্দেদ, ২৬ ডিসেম্বর : মহারাষ্ট্রের নান্দেদ জেলায় আগুন লাগল পূর্ণা-পারলি প্যাসেঞ্জার ট্রেনে। নান্দেদ রক্ষণাবেক্ষণ ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় মঙ্গলবার একটি লাগেজ ভ্যান কামরায় আগুন লাগে। মাত্র ৩০ মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয় বলে জানিয়েছেন দক্ষিণ-মধ্য রেলের সিপিআরও। বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেও তিনি জানিয়েছেন।
দক্ষিণ-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) জানিয়েছেন, মঙ্গলবার নান্দেদ রক্ষণাবেক্ষণ ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি লাগেজ ভ্যান কামরায় আগুন লাগে। বগিটি আগে থেকেই খালি ছিল, সেখান থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়। অন্য বগিতে আগুন ছড়িয়ে পড়েনি এবং তেমন ক্ষয়ক্ষতিও হয়নি। কীভাবে আগুন লাগল, তা জানতে তদন্ত শুরু করেছে রেল।
