
রায়পুর, ৩ নভেম্বর: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা শুক্রবার ছত্তিশগড় রাজ্যের ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালিয়েছে। ইডির একটি দল এদিন সকালে আয়কর আধিকারিকদের সঙ্গে যৌথভাবে ছত্তিশগড়ের রায়পুরে ওয়াল ফোর্ট সিটির বাসিন্দা ব্যবসায়ী সঞ্জয় চৌধুরীর বাড়িতে অভিযান চালায়। এছাড়া ব্যবসায়ী মনীশ রিচারিয়ার লা ভিস্তার বাড়িতেও অভিযান চালানো হয়।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ইডির দল মদ কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত অশোক রতন নামক ব্যক্তির বাড়িতে হানা দেয়। এছাড়াও স্বর্ণভূমিতে আইনজীবীদের বাড়িতেও অভিযান চালায় ইডি। যে দুজন আইনজীবীর বাড়িতে ইডির দল অভিযান চালায় তারা দুজনই মদ কেলেঙ্কারিতে অভিযুক্ত আসামিদের মামলা দেখছেন। যদিও ইডি এই পদক্ষেপের ব্যাপারে কোন কিছু জানায়নি।
