
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার লোকসভা তোলপাড় হয়েছিল ডিএমকে (DMK) সাংসদ ডিএনবি সেন্থিলকুমার এসের একটি মন্তব্য ঘিরে। হিন্দি রাজ্যগুলিকে 'গোমূত্র রাজ্য' বলে কটাক্ষ করেছিলেন তিনি। আর এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। এই পরিস্থিতিতে এবার ক্ষমা চাইলেন বিতর্কিত সাংসদ। জানালেন, তিনি যা বলেছেন সেজন্য তিনি অনুতপ্ত। প্রসঙ্গত, ‘গোমূত্র’ বিতর্কের আবহে নতুন করে মাথাচাড়া দিয়েছে ‘উত্তর বনাম দক্ষিণ’ বিতর্ক।
জানা গিয়েছে, পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে বলতে গিয়ে তাঁকে বলতে শোনা যায়, ”কেবল হিন্দি বলয়ের রাজ্যগুলিতেই নির্বাচনে জেতে বিজেপি (BJP)। যে রাজ্যগুলিকে ‘গোমূত্র রাজ্য’ হিসেবে বিবেচনা করি আমরা।” এই মন্তব্য আসলে বিরোধীদের ‘টুকরে টুকরে’ মন্তব্যের পরিচয় বলে এদিন তোপ দাগেন বিজেপি সাংসদ পীযূষ গোয়েল। মঙ্গলবারই বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি বলেছিলেন, ”এমন মন্তব্য সনাতন ঐতিহ্যের প্রতি অসম্মান।”
