Country

2 years ago

Bihar Train Accident:বিহার ট্রেন দুর্ঘটনা : মৃত্যু অসমের শদিয়ার মা-মেয়ের, শোক ব্যক্ত মুখ্যমন্ত্রীর

Bihar Train Accident
Bihar Train Accident

 

শদিয়া (অসম), ১২ অক্টোবর  : বুধবার রাত প্ৰায় ৯:৩৫ মিনিট নাগাদ বিহারের রঘুনাথপুরে আনন্দবিহার-কামাখ্যা (গুয়াহাটি, অসম) নৰ্থ-ইস্ট এক্সপ্ৰেস দুৰ্ঘটনায় মৃত্যু হয়েছে উজান অসমের তিনসুকিয়া জেলার অন্তর্গত শদিয়ার মা ও তাঁর শিশুকন্যার। নিহত দুই যাত্রীকে ঊষা ভাণ্ডারি (৩৩) এবং চার বছরের মেয়ে আকৃতি ভাণ্ডারি বলে শনাক্ত করা হয়েছে। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

ঊষাদেবীর ছোট বোনের কাছে জানা গেছে, আজ সকাল প্রায় ছয়টা নাগাদ নিহতদের তালিকায় ঊষা ভাণ্ডারি ও তাঁর মেয়ে আকৃতির মৃত্যুসংবাদ পেয়ে পরিবার ও গোটা এলাকা শোকে ভেঙে পড়েছে। তিনি জানান, মা-মেয়ে নেপাল গিয়েছিলেন। সেখান থেকে ঊষা ভাণ্ডারি নিউ জলপাইগুড়ি হয়ে দিল্লি গিয়েছিলেন তাঁর স্বামীর কাছে।

বোন জানান, দুর্ঘটনার খবর তাঁরা গতকাল রাত প্রায় ১০টা নাগাদ শুনেছেন। খবর শোনার পর থেকে তাঁরা বেজায় উদ্বিগ্ন ছিলেন। কেননা, ওই ট্রেনে একই পরিবারের চার সদস্য ঊষাদেবী ও তাঁর ছোট ভাই দীপক ভাণ্ডারি এবং দুই মেয়ে আদিতি ও আকৃতি ছিল। দিদি ঊষার বিয়ে হয়েছিল নেপালে। কর্মসূত্রে স্বামী থাকেন দিল্লি। দিল্লি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনার আগে দিদি ঊষা ভাণ্ডারির সঙ্গে মোবাইল ফোনে তাঁদের কথা হয়েছে। কিন্তু এর পর আর কথা হয়নি। দুর্ঘটনার খবর পাওয়ার পর বহুবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু মোবাইব সুইচঅফ পাওয়া গিয়েছিল।

এদিকে অন্য সূত্রের খবর, ইতিমধ্যে বিহার থেকে নিহতদের মরদেহ অসমে নিয়ে আসার ব্যবস্থা চলছে।


You might also like!