
দেহরাদুন, ২০ আগস্ট : উত্তরাখণ্ডে এবছর বর্ষার ফলে রাজ্যে প্রায় ১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ উত্তরাখণ্ডে ঘন ঘন ভূমিধস এবং পাথর ধসের ফলে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে৷
রাজ্যে ৪টি সীমান্ত সড়ক সহ মোট ২২১টি রাস্তা বন্ধ রয়েছে, সেগুলি খোলার কাজ চলছে। আবহাওয়া দফতর ২৪ আগস্ট পর্যন্ত রাজ্যে কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে। রাজ্যে শুরু থেকেই সক্রিয় ছিল বর্ষা। তার ফলে আবহাওয়ার খামখেয়ালিপনায় বহুবার সরকারকে চারধাম যাত্রা তীর্থযাত্রীদের জন্য বন্ধ করতে হয়েছে৷
রাজ্যে অত্যধিক বৃষ্টিপাতের কারণে বিপর্যয় পরিস্থিতির ফলে রাজ্যের জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিপাতের দরুণ নদী-নালার অবস্থা শোচনীয় হওয়ার ফলে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করছে৷ ভূমিধসের কারণে সরকারি-বেসরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে৷
দেরাদুনের জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভূতাত্ত্বিকদের দল দুর্যোগে ক্ষতিগ্রস্ত জখান গ্রামের চারপাশে গবেষণা করেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে বৃষ্টির জল মাটিতে ঢুকে এই ঘটনা ঘটে। বিপর্যয় মোকাবিলা বাহিনী পশুলোক ব্যারেজ থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে ঋষিকেশ পুলিশের কাছে হস্তান্তর করেছে। প্রবল বৃষ্টিপাতের দরুণ ১৫ জুন থেকে রাজ্যে ৭৮ জন প্রাণ হারিয়েছে এবং ৪৮ জন আহত হয়েছে৷ এখনও পর্যন্ত ১৮ জন নিখোঁজ রয়েছে।
আবহাওয়া দফতরের জারি করা পূর্বাভাস অনুযায়ী রবিবার হরিদ্বার এবং উধম সিং নগর বাদে, বাকি ১১টি জেলায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদুৎসহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে । রাজ্যের দেরাদুন, পাউরি গাড়ওয়াল, বাগেশ্বর, চামোলি, নৈনিতাল জেলাগুলিতে ২১ এবং ২২ আগস্টের জন্য কমলা সতর্কতা জারি রয়েছে এবং অন্যদের জন্য হলুদ সতর্কতা অব্যাহত রয়েছে। ২৩ এবং ২৪ আগস্ট রাজ্য জুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দুর্যোগ সচিব রঞ্জিত কুমার সিনহা হিন্দুস্থান সমাচারকে বলেছন বর্ষা এখনও সক্রিয় এবং ক্ষয়ক্ষতি বিভাগ অনুসারে মূল্যায়ন করা হচ্ছে। বর্ষার পর ক্ষতিপূরণের শর্তে সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। কেন্দ্রীয় দল রাজ্যে অতিবৃষ্টিতে ক্ষয়ক্ষতির হিসাবও নিয়েছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ হাজার কোটি টাকা। চূড়ান্ত পরিসংখ্যান আসার পরে, সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে একটি প্রস্তাব পাঠানো হবে। সমীক্ষার জন্য সমীক্ষা দলটিকে দেরাদুনের জাখানে পাঠানো হয়েছে, রিপোর্ট অধ্যয়ন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
