Country

2 years ago

Manipur Violence : রাহুলের কনভয় আটকে দিল বিজেপি শাসিত মণিপুরের পুলিশ

Rahul Gandhi at Manipur ( Collected)
Rahul Gandhi at Manipur ( Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্যে গোষ্ঠীহিংসায় ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে শরণার্থী শিবিরে যাচ্ছিলেন রাহুল গান্ধী, কিন্তু পথেই বিজেপি শাসিত মণিপুরের পুলিশ রাহুলের কনভয় আটকে দিয়েছে বলে কংগ্রেসের অভিযোগ কংগ্রেসের। এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল এই অভিযোগ করে বলেছেন, ‘‘ইম্ফল থেকে ২০-২৫ কিলোমিটার দূরে চূড়াচাঁদপুর জেলার বিষ্ণুপুর এলাকায় রাহুলজির কনভয় আটকে দেওয়া হয়েছে। আমরা জানি না কেন এই পদক্ষেপ।’’ পুলিশের একটি সূত্র জানাচ্ছে, হামলার আশঙ্কাতেই আটকানো হয়েছে রাহুলের কনভয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ দিল্লি থেকে বিমানে মণিপুরের রাজধানী ইম্ফলে পাড়ি দেন রাহুল। সাড়ে ১১টা নাগাদ পৌঁছন ইম্ফল বিমানবন্দরে। গোষ্ঠীহিংসায় দীর্ণ উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্যে দু’দিনের একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে, বৃহস্পতিবার লামকা (চূড়াচাঁদপুর), বিষ্ণুপুর-সহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শরণার্থী শিবিরে যাওয়ার কথা রাহুলের। রাতে তিনি থাকবেন মৈরাংয়ে। শুক্রবার রাজধানী ইম্ফলের বিভিন্ন শরণার্থী শিবিরে যাওয়ার কথা রাহুলের।

কুকি এবং নাগা জনজাতির নাগরিক সমাজের সঙ্গেও বৈঠকে বসবেন তিনি। দিল্লি ফেরার আগে কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করতে পারেন তিনি। জাতীয় স্তরের রাজনৈতিক নেতাদের মধ্যে রাহুলই প্রথম মণিপুরে গিয়েছেন। কিন্তু তিনি আদৌ হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে  দেখা করতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট আশঞকা রয়েছে। 

রাহুলের সফরের বিরোধিতা করে বুধবার মণিপুর পেট্রিয়টিক পার্টি তাঁর উদ্দেশে খোলা চিঠি দিয়েছিল। মেইতেই জনগোষ্ঠী প্রভাবিত বিজেপি-ঘনিষ্ঠ ওই সংগঠনের বক্তব্য, আদতে কংগ্রেসের আমলেই মণিপুরের এই সমস্যা তৈরি হয়েছে। কংগ্রেস সরকারই ১৯৪৯ সালে স্বাধীন মণিপুরকে জোর করে ভারতে অন্তর্ভুক্ত করেছিল! মণিপুরবাসী সেই একত্রকরণ মানতে পারেনি বলেই রাজ্যে সশস্ত্র সংগ্রামের দীর্ঘ ইতিহাসের সূচনা হয়।

প্রসঙ্গত, মণিপুরে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা ধারাবাহিক হিংসায় নিহতের স‌ংখ্যা দেড়শো ছুঁতে চলছে। ঘরছাড়া প্রায় ৫০ হাজার মানুষ! গত শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক করলেও তার পরেও হিংসার একাধিক ঘটনা ঘটেছে। 

প্রসঙ্গত, হিংসার কারণে মণিপুরের প্রায় ১২ হাজার জো-কুকি এখন মিজোরামে আশ্রয় নিয়েছেন। মণিপুরের কুকি প্রভাবিত এলাকায় বৃহত্তর মিজোরামের দাবিতে দেওয়াল লিখন, পোস্টার পড়েছে। মণিপুরের ১০ জন কুকি বিধায়ক একজোট হয়ে কেন্দ্রের কাছে ‘পৃথক প্রশাসন’ দাবি করেছেন। তাঁদের মধ্যে সাত জন বিজেপি বিধায়কও রয়েছেন। রাজনৈতিক ভাবে কোণঠাসা হয়ে পড়েই মুখ্যমন্ত্রী বীরেন সিংহের সরকার রাহুলের গতিবিধি নিয়ন্ত্রণে তৎপর হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের।

You might also like!