ভোপাল, ১৯ অক্টোবর : মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপও বাড়ছে। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ভোপালে বিজেপির রাজ্য কার্যালয় থেকে হাই-টেক প্রচার অভিযানের যানবাহনগুলির সূচনা করেছেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, "কংগ্রেস আত্মবিশ্বাস হারিয়েছে, কংগ্রেস আলোচনা করছে কে কাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে, আমরা রাজ্যে যে উন্নয়নমূলক কাজ করেছি, তার ভিত্তিতে আমরা ভোট চাইছি। তারা রাজ্যের জন্য কিছুই করেনি তাই তাদের কথা বলার কিছু নেই।"
এদিকে, মধ্যপ্রদেশের ইন্দোরে এদিন নির্বাচনী প্রচারের জন্য বিজেপির হাই-টেক প্রচার যানবাহনগুলির সূচনা করেছেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। তিনি বলেছেন, "আমরা ইন্দোর বিধানসভা কেন্দ্রের সমস্ত জায়গায় কেন্দ্র ও রাজ্য সরকারের কাজের প্রচারের জন্য ৩৭টি গাড়ির সূচনা করেছি, আমরা আবার মধ্যপ্রদেশে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব।"
