
আমেদাবাদ, ১৭ মার্চ : সম্প্রতি সিএএ আইন চালু হয়েছে। তারপরেই ভারতীয় নাগরিকত্ব পেলেন পাকিস্তান থেকে ভারতে আসা ১৮ জন হিন্দু শরণার্থী।
জানা গেছে, ১৮ জন হিন্দু শরণার্থী পাকিস্তান থেকে ভারতে এসে গুজরাটের আমেদাবাদে বাস করছিলেন ৷ শনিবার জেলাশাসকের দফতরের তরফে ভারতীয় নাগরিকত্ব প্রদানের জন্য একটি ক্যাম্পের আয়োজন করা হয় ৷ সেই ক্যাম্পে গুজরাটের মন্ত্রী হর্ষ সাংঘভি ওই ১৮ জন পাকিস্তান থেকে ভারতে আসা হিন্দুকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করেন ৷
উল্লেখ্য, নাগরিকত্ব প্রদানের বিষয়টি কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন হলেও আগের গেজেট নোটিফিকেশন অনুযায়ী, গুজরাটের আমেদাবাদ, গান্ধীনগর এবং কচ্ছতে জেলাশাসকরা পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘু সম্প্রদায়কে নাগরিকত্ব দিতে পারেন ৷ জানা গেছে, এখনও পর্যন্ত পাকিস্তান থেকে এসে গুজরাটের আমেদাবাদে বসবাসকারী ১১৬৭ জন হিন্দু শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়েছে।
