
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘড়ির কাঁটায় তখন রাত ন'টা। দিল্লির চলোর ডাক দেওয়ার কৃষক নেতারা 'সিজফায়ার' ঘোষণা করলেন। জানালেন দিল্লিতে মার্চ শুরু হবে বুধবার সকালে। এদিন ফের প্রস্তুতি নিয়েই রাজধানীর উদ্দেশে এগোবেন তাঁরা।
লাঠি উঁচিয়ে তাঁদের আটকাতে তৈরি দিল্লি পুলিশও। ড্রোনের মাধ্যমে টিয়ার গ্যাস ছেটানো হচ্ছে কৃষকদের উপর। তবু হটতে নারাজ তাঁরা। অনুরোধ-উপরোধ-বৈঠক কোনওটাতেই কোনও কাজ হয়নি। ফলে নিজেদের একাধিক দাবি নিয়ে 'দিল্লি চলো' অভিযান শুরু করেছেন পাঞ্জাব-হরিয়ানা-উত্তরপ্রদেশের ২৫ হাজার কৃষক। তাঁদের সঙ্গে রয়েছে পাঁচ হাজার ট্র্যাক্টর।
মঙ্গলবার তাঁরা মিছিল শুরু করার পরেই পাঞ্জাব-হরিয়ানা শম্ভু সীমানায় পুলিশের সঙ্গে প্রবল ধস্তধস্তি হয় আন্দোলনকারীদের। এক সময়ে তাঁদের ছত্রভঙ্গ করতে ড্রোন থেকে টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়। উত্তর ভারতে এখনও যথেষ্ট ঠান্ডা, তা সত্ত্বেও তাঁদের উপর বারবার জলকামান চালানো হয়। লাঠি উঁচিয়েও অনেক জায়গায় তেড়ে গেছেন উর্দিধারীরা। তবে তাঁদের হতদ্যোম করা যায়নি। তাঁরা ক্রমশ দিল্লির দিকে এগোচ্ছেন।
