
নয়াদিল্লি, ২০ ডিসেম্বর: উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল সংসদ ভবন চত্বরে উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে যেভাবে উপহাস করা হয়েছে, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সাংসদদের আচরণে হতাশা ব্যক্ত করেছেন।
প্রসঙ্গত, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে মঙ্গলবার উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে উপহাস করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনা চাক্ষুস করেন রাহুল গান্ধী-সহ বিরোধী দলের সাংসদরা। রাহুল গান্ধী আবার কল্যাণের উপহাস করার ভিডিও পর্যন্ত করেন।
এরই প্রেক্ষিতে উপ-রাষ্ট্রপতির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপ-রাষ্ট্রপতি ধনখড় বুধবার টুইট করে জানিয়েছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টেলিফোন পেয়েছি। তিনি গতকাল সংসদ কমপ্লেক্সে কিছু সাংসদের জঘন্য নাটকীয়তার জন্য গভীর বেদনা প্রকাশ করেছেন। তিনি আমাকে বলেছেন, তিনি ২০ বছর ধরে এই ধরনের অপমানের শিকার হয়েছেন এবং গুনছেন। কিন্তু ভারতের উপ-রাষ্ট্রপতির মতো একটি সাংবিধানিক অফিসে এবং সংসদেও এমনটা ঘটতে পারে তা দুর্ভাগ্যজনক। আমি তাকে বলেছি - প্রধানমন্ত্রী, আমার দায়িত্ব পালনে এবং আমাদের সংবিধানে বর্ণিত নীতিগুলিকে সমুন্নত রাখতে কয়েকজনের অপকর্ম আমাকে বাধা দেবে না। আমি আমার হৃদয় থেকে সেই মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কোনও অপমানই আমাকে আমার পথ বদলাতে বাধ্য করবে না।"
