
শ্রীরঙ্গপত্তন, ১৩ মে : কাবেরী নদী থেকে উদ্ধার হল পদ্মশ্রী প্রাপক কৃষি বিজ্ঞানী ডঃ সুবন্না আয়াপান্নের মৃতদেহ। ৭০ বছর বয়সী এই কৃষি বিজ্ঞানী নিখোঁজ ছিলেন, শ্রীরঙ্গপত্তনের সাই আশ্রমের কাছে কাবেরী নদীতে তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছে। মঙ্গলবার মান্ড্য পুলিশ জানিয়েছে, ডঃ সুবন্না আয়াপান্ন তাঁর স্ত্রীর সঙ্গে মহীশূরের বিশ্বেশ্বর নগর শিল্পাঞ্চল এলাকায় থাকতেন এবং ৭ মে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান।
তিনি নিজের স্ত্রী এবং দুই মেয়েকে রেখে গিয়েছেন। শ্রীরঙ্গপত্তন পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং মৃত্যুর কারণ অনুসন্ধান শুরু করেছে। শনিবার সন্ধ্যায় নদীতে একটি অজ্ঞাত মৃতদেহ ভেসে ওঠার খবর পায় পুলিশ। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মৃতদেহটি উদ্ধার করলে বিজ্ঞানীর পরিচয় জানা যায়। নদীর তীরে আয়াপ্পনের স্কুটারটি পাওয়া যায়।
