
নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর: বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী মারলেনা। মঙ্গলবার অতিশী বলেছেন, "এটা স্পষ্ট যে, আম আদমি পার্টিকে ভয় পায় বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালের মডেলকে ভয় পায় বিজেপি এবং সেই কারণেই তাঁরা আম আদমি পার্টির নেতাদের জেলে পাঠানোর চেষ্টা করছে।" প্রসঙ্গত, দিল্লি আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী ও এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ফের সমন পাঠিয়েছে ইডি।
এরই প্রেক্ষিতে মঙ্গলবার বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন অতিশী। তিনি বলেছেন, "সবাই জানেন আবগারি দুর্নীতি ভুয়ো।" দিল্লির মন্ত্রী অতিশী আরও বলেছেন, "এটা স্পষ্ট যে আম আদমি পার্টিকে ভয় পায় বিজেপি। সত্যেন্দ্র জৈন এবং মণীশ সিসোদিয়া বিজেপিতে যোগ দিলে, অজিত পওয়ার এবং ছগন ভুজবলের মতো তাঁদের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করা হবে। আমি বিজেপিকে বলতে চাই ইডি, সিবিআই-এর হুমকিতে আমরা ভয় পাব না।"
