
নয়াদিল্লি, ২৭ অক্টোবর : আগামী ১৫ নভেম্বর থেকে সূচনা হতে চলেছে 'বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা'-র। ওই দিন 'বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা'-র সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরসা মুন্ডা জয়ন্তী-জন জাতি গৌরব দিবস উপলক্ষে ১৫ নভেম্বর তথ্য, শিক্ষা এবং যোগাযোগ ভ্যানকে সুবজ পাতা নেড়ে যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী।
ঝাড়খণ্ডের আদিবাসী অধ্যুষিত খুন্তি জেলা থেকে 'বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা'-র সূচনা হবে, এরপর ২২ নভেম্বর থেকে ২৫ জানুয়ারির মধ্যেই গোটা দেশের বাকি জেলাগুলিতে পৌঁছবে এই যাত্রা। প্রসঙ্গত, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামে আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে, নির্বাচনের পরে এই রাজ্যগুলিতে প্রচার অভিযান চালানো হবে। উল্লেখ্য, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক ও কল্যাণমূলক প্রকল্পগুলিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই এই 'বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা'।
