
গুয়াহাটি : অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটি (এপিসিসি)-র জ্যেষ্ঠ নেত্ৰী ববীতা শৰ্মা দলের সকল পদ থেকে ইস্তফা দিয়েছেন।দল থেকে তাঁর পদত্যাগের খবর নিজেই দিয়েছেন ববীতা শর্মা। তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি আজ অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির সব রাজনৈতিক পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভারতীয় জাতীয় কংগ্ৰেসের হয়ে অসমের জনসাধারণের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য এআইসিসি এবং এপিসিসি-র সব নেতাকে ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘এপিসিসি-র নতুন সভাপতি হিসেবে গৌরব গগৈয়ের নিযুক্তিতে তাঁকে এবং দলকে শুভেচ্ছা জানাই। আশা করি, দলের নতুন নেতৃত্ব কংগ্রেসের অন্দরমহল পরিষ্কার করে উন্নত ভবিষ্যতের দিকে পরিচালিত করতে পারবেন গৌরব গগৈ।’
ববীতা বলেন, ‘প্ৰাক্তন সাংসদ তথা প্ৰাক্তন এপিসিসি সভাপতি পবনসিং ঘাটোয়ারের নেতৃত্বে গঠিত পঞ্চায়েত নিৰ্বাচন অনুসন্ধান সমিতির প্ৰতিবেদন এআইসিসিকে দাখিল করা হয়েছে। সমিতির অন্য দুই সদস্য প্ৰাক্তন সাংসদ আরপি শৰ্মা এবং আমি সদস্যসচিব হিসেবে ছিলাম। আমার পরামৰ্শ দলের মঙ্গলের জন্য রূপায়ণ করা হবে বলে আশা করি।’
