
নয়াদিল্লি, ১৭ মার্চ : দিল্লি জল বোর্ড মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে ইডি-র সমনের প্রেক্ষিতে তোপ দাগলেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী। অতিশী অভিযোগ করেছেন, অরবিন্দ কেজরিওয়ালকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে।
দিল্লি জল বোর্ড মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে ইডি। রবিবার ইডি সূত্রে জানা গিয়েছে, দিল্লি জল বোর্ড মামলায় অর্থ তছরূপ প্রতিরোধ আইনের ৫০ নম্বর ধারার অধীনে আগামীকাল (সোমবার) দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি (এএপি) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে সমন জারি করা হয়েছে। এ প্রসঙ্গে এএপি নেত্রী অতিশী বলেছেন, "দিল্লি জল বোর্ডের এই বিষয় সম্পর্কে কেউ জানে না, এই সমন পাঠানো হচ্ছে কারণ প্রধানমন্ত্রী মোদী উদ্বেগ প্রকাশ করেছেন যে তাঁরা আবগারি বিষয়ক মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করতে পারবেন কিনা...অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করার জন্য একটি ব্যাকআপ পরিকল্পনা শুরু করা হচ্ছে।"
অতিশী বলেছেন, "দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শনিবার সন্ধ্যায় ইডি-র পক্ষ থেকে আরেকটি সমন পেয়েছেন। ইডি তাঁকে দিল্লি জল বোর্ড সম্পর্কিত কিছু তদন্তে যোগ দিতে বলেছে...এই বিষয়ে ইডি যে মামলাটি নথিভুক্ত করেছে সে বিষয়ে আমরা অবগত নই...অরবিন্দ কেজরিওয়ালকে এই ভুয়ো মামলায় তলব করা হয়েছে।”
