
হায়দরাবাদ, ২৭ অক্টোবর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার সকালে হায়দরাবাদে ভারতীয় পুলিশ সার্ভিস (আইপিএস) প্রবেশনকারীদের ৭৫-তম ব্যাচের পাসিং-আউট প্যারেডে যোগ দিয়েছেন। হায়দরাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ অ্যাকাডেমিতে দীক্ষান্ত প্যারেডের আয়োজন করা হয়। এদিন নিজের বক্তৃতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, "আপনারা (আইপিএস প্রবেশনকারী) সবাই সেই সমস্ত সৌভাগ্যবান অফিসার, যারা ভারতীয় পুলিশের শীর্ষ স্তরে দায়িত্ব পালন করবেন, যখন দেশ নিজস্ব স্বাধীনতার ১০০ বছর উদযাপন করবে।"
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, "দেশ যখন নিজস্ব স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে, তখন আপনারা ২৫ বছর পর পুলিশ সার্ভিসে নেতৃত্বের পদে থাকবেন এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকবেন।" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, "এই ২৫ বছর (অমৃত কাল) আমাদের সংকল্পকে সাফল্যে পরিণত করার, এই ২৫ বছরে দেশকে প্রতিটি ক্ষেত্রে প্রথম স্থানে পৌঁছে দেওয়ার এবং দেশকে সঠিক জায়গায় প্রতিষ্ঠিত করার। অমৃত কালের এই অঙ্গীকারের ২৫ বছরে দেশ একটি উন্নত দেশে পরিণত হবে এবং প্রতিটি ক্ষেত্রে বিশ্বের নেতৃত্ব দেবে।"
