Country

2 years ago

Ambubachi :সমাপ্ত অম্বুবাচি, সোমবার ভোর পাঁচটায় খুলেছে মায়ের মন্দিরের ফটক, পুজো দিলেন লক্ষাধিক ভক্ত

Ambubachi is over
Ambubachi is over

 

গুয়াহাটি, ২৬ জুন  : আজ সোমবার ভোররাত ২:৫৬টায় মা কামাখ্যার নিবৃত্তির প্রায় দু-ঘণ্টা পর মন্দিরের কপাট খুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে সমাপ্তি ঘটেছে অম্বুবাচি মহাযুগ বা অম্বুবাচি মেলার। মন্দিরের মূল দরজা খোলার পর মায়ের পুজো দিয়েছেন লক্ষাধিক ভক্ত।

আজ সোমবার ভোররাতে নিবৃত্তির পর দেবীর নিত্য স্নান ও নিত্যকর্মের পর শক্তিপীঠের মূল ফটক ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ভোররাত ২-টা ৩২ মিনিটে কামাখ্যার প্রবৃত্তির পর শুরু হয়েছিল অম্বুবাচি। এর পর চারদিন বন্ধ ছিল কামাখ্যা মন্দিরের দরজা।

মাঝে দু বছর করোনার কাঁটায় অম্বুবাচি মেলার আয়োজন করা হয়নি। কেবল নিয়মরক্ষা হয়েছিল কামাখ্যাধামে। দু বছর ছাড়া অন্যবারের মতো এ বছরও কামাখ্যায় আগমন ঘটেছে লক্ষ লক্ষ ভক্ত-তীর্যযাত্রী ও দর্শনার্থীর। নীলাচল পাহাড়ের পাদদেশ থেকে চূড়া পর্ষন্ত অভূতপূর্ব জনস্রোতের সাক্ষী ছিলেন মানুষ। উৎকট, কাঠফাঁটা গরম, মাঝেমধ্যে বৃষ্টি উপেক্ষা করে তীর্থযাত্রীদের বাঁধভাঙা উচ্ছ্বাসে গম গম করেছে সতীর ৫১ পীঠের কামাখ্যাধাম।

মন্দিরের প্রধান বলেন, অম্বুবাচির সময় অনেক ভক্ত কেবল মন্দির দর্শন করে চলে যান। খুব কম ভক্ত মায়ের দর্শন ও তাঁকে স্পর্শ করতে পারেন। কারণ দর্শন ও স্পর্শ করতে সময় লাগে অনেক বেশি। তাই খুব কমসংখ্যক ভক্তের কপালে এই ভাগ্য জুটে।প্রতিবারের মতো এবারও অসম ছাড়াও পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, দিল্লি, মধ্যপ্রদেশ, হিমালয়, বিন্ধ্যাচল ও সংলগ্ন এলাকার বহু সন্ন্যাসী ছাড়াও আমেরিকা, লন্ডন, নেপাল, বাংলাদেশ থেকে সাধু-সন্ত, ভক্তরা এসেছেন। এসেছেন বহু নাগা সন্ন্যাসীও। তাঁরা বিভিন্ন ঠাকুর-দেবতার সাজে সজ্জিত হয়ে নাচে-গানে মানুষের মন জয় করেছেন।

অম্বুবাচির মেলায় প্রতিবারের মতো কামাখ্যাধাম এবং পাণ্ডু এলাকায় রাতে পালা করে নানা জায়গায় বাউল গানের উদাসী সুরে অসংখ্য দর্শনার্থীর মন জয় করেছেন বাউলরা। বিশ্বপ্রসিদ্ধ অম্বুবাচি মেলা উপলক্ষ্যে বহুজন সং সেজে ঢং করে দর্শনার্থীদের মনোরঞ্জন করেছেন।


You might also like!