
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অল ইন্ডিয়া রেডিও(AIR) একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। যদিও তা নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। রেডিওর সোনালি ঐতিহ্যর দিন ফুরালো। 5G জমানায় অল ইন্ডিয়া রেডিও নামটা ভারতীয়দের কাছে অনেকটাই গুরুত্ব হারিয়েছে। তবুও কোথাউ গিয়ে একটা আবেগ জুড়ে রয়েছে এই নামের সঙ্গে। রাত ১২টা বেজে ৫ মিনিট হোক বা ভোর পাঁচটা, ‘দিজ ইজ অল ইন্ডিয়া রেডিও’ শুনে ঘড়ির কাঁটা মেলায় এমন ভারতীয়র সংখ্যায় কমতি নেই আজও। তবে এবার সেই আবেগের ঐতিহ্য বদলে ফেলল প্রসার ভারতী। সুদীর্ঘ নব্বই বছরের প্রথায় বুধবার ইতি টানল প্রসার ভারতী। আকাশবাণীর ডিরেক্টর জেনারেল বসুধা গুপ্তা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন রেডিওর কোনও অনুষ্ঠানেই আর ‘অল ইন্ডিয়া রেডিও’ (All India Radio) শব্দবন্ধের প্রয়োগ করা যাবে না। পরিবর্তে সব ভাষাতেই ব্যবহৃত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম ‘আকাশবাণী’। ব্রিটিশ সাম্রজ্যবাদের বোঝা ঝেড়ে ফেলতেই এমন সিদ্ধান্ত, জানিয়েছে কর্তৃপক্ষ।
অল ইন্ডিয়া রেডিও ১৯২৭ সালে বেসরকারি রেডিও ক্লাবের উদ্যোগে ভারতে সর্বপ্রথম বেতার সম্প্রচার শুরু করে। সাধারণ জনগণকে তথ্য, শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের জন্য ১৯৩৬ সালে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে অল ইন্ডিয়া রেডিওর সম্প্রচার কার্যক্রম শুরু হয় কলকাতায়।পরবর্তীতে ১৯৫৭ সালে এর নাম পরিবর্তন করে আকাশবাণী করা হয়। ১৯৩৯ সালে ‘আকাশবাণী’ নাম রেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেশের জনসংখ্যার ৯৯.১৯% আকাশবাণীর পরিষেবার আওতায়, দেশের ৯২% এলাকায় পৌঁছে গিয়েছে এই বেতার পরিষেবা। দেশজুড়ে আকাশবাণীর ৪৭০টি সম্প্রচার কেন্দ্র রয়েছে। ২৩টি ভাষায়, ১৭৯ রকম উপভাষায় সম্প্রচারিত হত আকাশবাণীর অনুষ্ঠান। হঠাৎ করে এই পরিবর্তনকে অনেকেই 'এক ভাষা এক দেশে'র হিন্দিকে চাপিয়ে দেওয়ার প্রবণতা ভাবছে।
