
নয়াদিল্লি, ৮ নভেম্বর: গতকাল সামান্য উন্নতির পর বুধবার ফের বিষ ছড়াচ্ছে দিল্লির বাতাস । দিল্লির বাতাসের গুণগত মান রয়েছে ‘ভয়ংকর’ পর্যায়ে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের মতে আজ সকালে দেশের রাজধানী দিল্লিতে বায়ুর গুণমান সূচক (একিউআই) স্তর ছিল ৪৬০। সকালে, পাঞ্জাবি বাগের একিউআই ৪৬০, আনন্দ বিহার ৪৫২ এবং আরকেপুরমে ৪৩৩ রেকর্ড করা হয়েছে। সোমবার সকালে এই সময়ে, দিল্লিতে গড় স্তর ছিল ৪৫৬।
বোর্ডের কর্তারা বলছেন, মঙ্গলবার দূষণে সামান্য উন্নতির পরও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। বায়ু দূষণের গুরুতর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, গৌতম বুদ্ধ নগরে ১০ নভেম্বর পর্যন্ত এবং গাজিয়াবাদে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নবম শ্রেণি পর্যন্ত স্কুলগুলি বন্ধ করা হয়েছে। আগামী ছ’দিনের মধ্যে দিল্লির জলবায়ু খুব খারাপ থেকে গুরুতর বিভাগে পৌঁছতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
গতকাল (মঙ্গলবার) দিল্লি-এনসিআর-এর মধ্যে সবচেয়ে দূষিত ছিল গ্রেটার নয়ডা। এখানে একিউআই ৪৫৭ রেকর্ড করা হয়েছে। দিল্লি ছিল দ্বিতীয় স্থানে। এখানে একিউআই ছিল ৩৯৫ ।
এদিকে, ভারতের আবহাওয়া বিভাগ আগামী কয়েকদিনের মধ্যে দিল্লি-এনসিআরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বলছে, বৃষ্টি হলে বায়ু দূষণ পরিস্থিতির উন্নতি হতে পারে।
