
বারাণসী, ২৯ অক্টোবর : উত্তরপ্রদেশের বারাণসীতে বছরের শেষ খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণের পরে লক্ষাধিক ভক্ত পবিত্র গঙ্গায় স্নান করেন। শনিবার দুপুর আড়াইটে থেকে মোক্ষস্নানের প্রক্রিয়া শুরু হয়ে রবিবার ভোর পর্যন্ত চলে এই স্নানকার্য। চন্দ্রগ্রহণের আগেই হাজার হাজার পুরুষ ও মহিলা ভক্ত গঙ্গার তীরে পৌঁছে যান। গ্রহণের সময়ে ভক্তরা গঙ্গায় স্নান করেন এবং মোক্ষের সময় পর্যন্ত ঘাটে ভজন ও কীর্তন চলে। গ্রহণ ও মোক্ষের মাঝের সময়ের পরে ভক্তরা আবার গঙ্গায় স্নান করেন এবং দান-সাধনা করে বাড়ি ফিরে আসে।
হাজার হাজার ভক্ত পবিত্র গঙ্গা নদীতে গভীর জলে দাঁড়িয়ে মোক্ষলাভের সময় পর্যন্ত মন্ত্র উচ্চারণ করে থাকেন। চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে ঘাটগুলোতে ব্যাপক ভিড়ের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছিল। এনডিআরএফ এবং জল-পুলিশের সঙ্গে অফিসাররাও মোটর বোটে গঙ্গায় টহল দেয়। সৈন্যরা অনবরত বাঁশি বাজিয়ে মানুষকে গভীর জলে যেতে বাধা দেয়। বড় ঘাটে ব্যারিকেডিংও করা হয়েছিল। দশাশ্বমেধ ঘাট থেকে চিত্তরঞ্জন পার্ক পর্যন্ত ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
