
নয়াদিল্লি : রাঘব চাড্ডাকে রাজ্যসভায় দলের নেতা নির্বাচিত করেছে আম আদমি পার্টি। সঞ্জয় সিং-এর জায়গায় রাজ্যসভায় দলের নেতা হিসেবে রাঘব চাড্ডাকে নিযুক্ত করেছে আম আদমি পার্টি। আম আদমি পার্টি সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
দিল্লির আবগারি কেলেঙ্কারি মামলায় জেলে রয়েছেন সঞ্জয় সিং। রাজ্যসভার চেয়ারম্যানকে লেখা একটি চিঠিতে এই পরিবর্তনের কথা জানিয়েছে আম আদমি পার্টি। দল জানিয়েছে, সঞ্জয় সিংয়ের 'স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা' রয়েছে। তাঁর অনুপস্থিতিতে সংসদে দলের নেতা হবেন রাঘব চাড্ডা। চাড্ডা রাজ্যসভার সর্বকনিষ্ঠ সদস্যদের মধ্যে একজন। বর্তমানে রাজ্যসভায় আম আদমি পার্টির মোট ১০ জন সদস্য রয়েছেন। যার মধ্যে তিনজন দিল্লি থেকে এবং সাতজন পঞ্জাব থেকে এসেছেন।
