
নয়াদিল্লি, ১১ নভেম্বর : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৬। কম্পনের উৎসস্থল ছিল উত্তর জেলায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।শনিবার বিকেল ৩টা ৩৬ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয় দিল্লিতে।
সম্প্রতি নেপালে ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়। জোরাল কম্পন অনুভূত হয় দিল্লি-এনসিআরেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়, নেপালে ৫.৬ রিখটারের ভূমিকম্প হয়েছে। কম্পন অনুভূত হয়েছে শহর কলকাতাতেও। ঠিক তারপরই বিকেল ৪টা ১৮ মিনিটে দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের বেশ কিছু অংশে জোরাল কম্পন অনুভূত হয়। এরপর এদিন বিকেল ফের মৃদু ভূমিকম্প অনুভূত হয় দিল্লিতে। আতঙ্কিত বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন।
