
মুম্বই, ২ ফেব্রুয়ারি : মুম্বইয়ের চেম্বুর ও ভাইন্দর এলাকায় দুটি ভিন্ন জায়গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোট ৮ জন আহত হয়েছেন। আহতদের ৮ জনকে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোররাতে চেম্বুর এলাকার সিদ্ধার্থ কলোনির বাসিন্দা সুরেশ গায়কোয়াড়ের বাড়িতে হঠাৎ এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। সঠিক সময়ে দমকল বিভাগের কর্মীরা সুরেশের বাড়িতে এসে তাঁর পরিবারের ৭জন সদস্যকে উদ্ধার করে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের সবাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চেম্বুর থানার পুলিশ সিলিন্ডার বিস্ফোরণের তদন্ত শুরু করছে।
অন্য ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাতে ভাইন্দরের রামদেব পার্কের একটি বাড়িতে। সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন ধরে যায়। এই ঘটনায় এক যুবক গুরুতরভাবে আহত হন এবং তাঁকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে দমকলের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনারও তদন্ত শুরু করছে স্থানীয় পুলিশ।
