
কাকিনাডা, ৯ ফেব্রুয়ারি : অন্ধ্রপ্রদেশের কাকিনাডায় একটি কারখানায় তেলের ট্যাঙ্ক পরিষ্কার করার সময় দমবন্ধ হয়ে প্রাণ হারালেন ৭ জন শ্রমিক। কাকিনাড়ার রাগামপেটা গ্রামে একটি ভোজ্যতেল প্রস্তুতকারক কোম্পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় নির্গত গ্যাসের কারণ শ্বাসকষ্ট অনুভব করেন সকলে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৭ জন শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কাকিনাডা জেলার পেদ্দাপুরম মণ্ডলের অন্তর্গত জি রাগামপেটাতে আম্বাতি সুবান্না তেল কারখানার প্রাঙ্গণে।
পুলিশ জানিয়েছে, শ্রীমিকরা ২৪ ফুট গভীর তেলের ট্যাঙ্কার পরিষ্কার করতে নেমেছিলেন। নিহতদের মধ্যে পাঁচজন আলুরি সীতারামারাজু জেলার পাদেরুর বাসিন্দা এবং অন্য দু''জন একই মণ্ডলের পুলিমেরু গ্রামের বাসিন্দা। মৃতরা হলেন ভেচাঙ্গি কৃষ্ণ, ভেচাঙ্গি নরসিমহাম, ভেচাঙ্গি সাগর, কোরাথাডু বনজি বাবু, করি রামা রাও, প্রসাদ এবং কাত্তামুরি জগদীশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
জেলা পুলিশ সুপার এম. রবীন্দ্রনাথ বাবু এবং কালেক্টর কৃত্তিকা শুক্লাও ঘটনাস্থলে ছুটে যান। এসপি বলেন, তেল কারখানার ব্যবস্থাপনার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।
