
সরন, ২ নভেম্বর: বিহারের সরন জেলায় নৌকা ডুবে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৭ জন শ্রমিক। জেলা ম্যাজিস্ট্রেট আমান সমীর বুধবার গভীর রাতে জানান, নৌকায় ১৯ জন শ্রমিক ছিলেন। দুর্ঘটনার পর ৯ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে দুজনের মৃতদেহও পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৭ জন। স্টেট ডিসাসটার রেসপন্স ফান্ডের সদস্যরা ও স্থানীয়রা মিলে নিখোঁজদের খোঁজ শুরু করেছে।
জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, নৌকা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলেই শ্রমিক। এই শ্রমিকরা প্রতিদিন সকালে দিয়ারা এলাকায় সবজি চাষ করতে যান এবং সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। আচমকাই তাদের নৌকা ডুবে গেলে দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকদের নাম, ছাথিয়া দেবী ও ফুলকুমারী দেবী।
