
কলকাতা, ১১ জুলাই : মঙ্গলবার গণনা শুরু হওয়ার ২ ঘণ্টা পর রাজ্য নির্বাচন কমিশনের দফতরে প্রবেশ করলেন কমিশনার রাজীব সিনহা। তিনি প্রচারমাধ্যমে বলেন, "আমাদের কাছে অশান্তির অভিযোগ আসছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।"
গ্রাম দখলের লড়াইয়ে বলি হয়েছেন প্রায় ২৪ জন (কম বা বেশি হতে পারে)। তার মধ্যে তৃণমূল কর্মীরাই বেশি প্রাণ হারিয়েছেন বলে দাবি করছে শাসকদল। এত মানুষের মৃত্যুর দায় কার? সংবাদমাধ্যমে সৌগত রায় বলেন, “মৃত্যুর ঘটনা দুর্ভাগ্যজনক। তবে এর দায় সবাইকে নিতে হবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে পরোক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতের দায় পরোক্ষে সৌগত চাপাতে চেয়েছেন রাজ্য নির্বাচন কমিশনারের ঘাড়ে। তিনি বলেন, “রাজ্যের পুলিশ প্রশাসন রাজ্য সরকারের অধীনে নেই। বর্তমানে তা আছে রাজ্য নির্বাচন কমিশনারের অধীনে। তিনি জেলার প্রশাসনকে শান্তি রাখার দায়িত্ব দিয়েছেন। এখন যদি কোথাও অশান্তি হয় জেলার প্রশাসনকে সেই দায়িত্ব নিতে হবে।”
উল্লেখ্য, রাজ্যে এতগুলো হিংসার ঘটনায় নির্বাচন কমিশনারকে আগেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ইতিমধ্যেই ভোটের হিংসা নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। সোমবার তিনি বলেন, “মৃত্যুর মিছিল থামার নেই। ৪১ জন মানুষ গণতন্ত্রের উৎসবে নিজেদের বলি দিলেন। এত অস্ত্র কোথা থেকে এল, আমরা এনআইএ তদন্ত চাইব। এত মানুষের মৃত্যুর জন্য সিবিআই তদন্ত দাবি করব।”
এদিন সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গা থেকে সামনে আসে অশান্তির নানা অভিযোগ। সে বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনার বলেন, "আমাদের কাছে অশান্তির অভিযোগ আসছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।"
