কলকাতা, ১৪ জুন : সরকারের উপর মানুষের ভরসা চলে গেলে আদালতে যায়। এই মন্তব্য করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
রাজনীতি বড্ড বেশি আদালত নির্ভর হয়ে পড়ছে না? সংবাদকর্মীদের এই প্রশ্নের উত্তরে বুধবার ইকোপার্ক থেকে তিনি বলেন, “সরকার যখন সিদ্ধান্ত নেয় না তখন মানুষ আদালতে যায়। সরকারের উপর মানুষের ভরসা চলে যায় তখন আদালতে যায়।
বাংলায় কথায় কথায় আদালত কেন? একটা জনসভা করতে গেলেও পুলিশ অনুমতি দেয় না। হাইকোর্টে যেতে হয়। কোন দেশে শুনেছেন এরকম! এই সরকারের সেই ইচ্ছাও নেই যোগ্যতাও নেই আর মানুষেরও সরকারের উপর বিশ্বাস নেই।
শুধু বিজেপি নয়, বিরোধীরা নয় তৃণমূল কংগ্রেসের লোকেরাও আদালতে যাচ্ছে ন্যায় পাওয়ার জন্য। সরকার কোন সিদ্ধান্ত নেয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ঠিক নেই। কখন কি বলেন; কখন কি করেন। এখন তো শুধু নেতাদের আর ভাইপোকে বাঁচাতেই তিনি ব্যস্ত! সরকার তো কিছুই করছে না। সরকারি কর্মচারীরা মাসের পর মাস ধর্ণা দেয়। পরীক্ষায় পাশ করার পরেও চাকরির দাবিতে ধর্ণা দিতে হয়; হাজারো লোক ধরনা দিচ্ছে। কোন রাজ্যে আছে? কোন সরকারে আছে? এটা শুধু পশ্চিমবঙ্গে!”
