
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের শেষ দিন। এই দিনে মুখ্যমন্ত্রী যোগ দিয়েছিলেন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে। সেখান থেকে তিনি সাধারণ মানুষের হাতে তুলে দিলেন বিভিন্ন প্রকল্পের সুবিধা। এই অনুষ্ঠান থেকেই ৪৭টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।
এছাড়া উত্তরবঙ্গ তথা শিলিগুড়ির উন্নয়নে তাঁর সরকার কী কী কাজ করেছে এবং আগামী দিন কী পরিকল্পনা নেওয়া হয়েছে, তার খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠান থেকে ১২ হাজার মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দেওয়া হয়েছে। এদিনের সভা থেকে ব্লক স্তরের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের একাংশের দিকে সরাসরি আঙুল তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, 'আমার কাছে খবর আছে। সবাই নয়, কিন্তু কিছু কিছু বিএলএলআরও দুষ্টু লোকের সঙ্গে মিলে জমি কেনাবেচায় জড়িয়ে পড়েছেন। আমি ভূমি দফতরের প্রধান সচিবকে নির্দেশ দিচ্ছি অবিলম্বে তদন্ত শুরু করে এঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। একটা রাজনৈতিক লোক ৫ টাকা চুরি করলে ১০ বার টিভিতে দেখানো হয়। কিন্তু সরকারি অফিসাররা কোনও দুর্নীতি করলে, আমি কিন্তু ছেড়ে কথা বলব না। দু'একজনের জন্য সকলের বদনাম যেন না হয়, এটা মাথায় রাখতে হবে। কারণ সবাই খারাপ নয়।'
