
কলকাতা, ২৪ জুলাই : সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বাদল অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে মণিপুর নিয়ে নিন্দাপ্রস্তাব আনা হবে বলে সোমবার জানালেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
পাল্টা সরব বিজেপি-ও। এর পাল্টা মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, ‘‘তৃণমূলের নিজের জামায় নারী নির্যাতনের আলকাতরা লেগে রয়েছে। আগে সেটা পরিষ্কার করুক। তার পর পর অন্য বিষয় নিয়ে কথা বলবে।’’
সোমবার শোভনদেব বলেন, ‘‘বিধানসভায় প্রস্তাব আনা হবে। গোটা দেশের সঙ্গে আমরাও দুঃখিত। মহিলা, শিশুদের উপর অত্যাচার চলছে। তাঁরা আমাদের দেশেরই নাগরিক। যাঁরা আক্রমণ করছেন, তাঁরাও দেশের নাগরিক। এটা দুর্ভাগ্যজনক।’’
এর পরেই কেন্দ্রকে আক্রমণ করে তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের ভূমিকা দুর্ভাগ্যজনক। একটা রাজ্যের মহিলাদের উপর অত্যাচার চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী দু’-আড়াই মিনিটের জন্য মুখ খুলেছেন। অন্য বিষয়ে উনি খুবই সক্রিয়। অথচ এই ব্যাপারে সক্রিয় নন কেন, এটা ভাবাচ্ছে। নারী নির্যাতনের ঘটনা যে কোনও ভারতীয়ের কাছে লজ্জার।’’
অন্য কোনও রাজ্যের সঙ্গে মণিপুরের ঘটনার তুলনা করা ঠিক নয় বলেও মন্তব্য করেছেন শোভনদেব। তিনি বলেন, ‘‘মণিপুরের পরিস্থিতির সঙ্গে রাজ্যের কোনও ঘটনার তুলনা করা যায় না।’’
