
পুরুলিয়া, ২৩ জুলাই : পুরুলিয়ার আদ্রায় তৃণমূল নেতা খুনের গ্রেফতার আরও এক। গতকাল বিহারের গোপালগঞ্জ জেলার কাটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম রত্নেশ্ব কুমার পান্ডে । পুলিশের দাবি, ধৃত ব্যাক্তিই সেই দিন গুলি চালিয়েছিল। তাকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
গতমাসের ২২তারিখ রেল শহর আদ্রায় তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি ধনঞ্জয় চৌবে খুন হন । এই নিয়ে এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করা হল। এর আগে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিহারের জামুই এলাকার থেকে আরজু মালিক নামে এক দুষ্কৃতীকে ও অন্য দুইজনকে আদ্রা শহর লাগোয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে কংগ্রেসের এক পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী রয়েছে। পুলিশের তদন্তে প্রাথমিক অনুমান, রেলের সিন্ডিকেট সংক্রান্ত সংক্রান্ত ঝামেলার জেরেই যে এই খুন।
পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, বিহার থেকে যাকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে স্কেচ মিলে যাচ্ছে। সিসিটিভি ফুটেজে যে ছবি দেখা যায় তাও মিলেছে। মোটরবাইকে ও ছিল। আমরা পুলিশ হেফাজতে নিয়েছি। বিশদে জানার চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে আমরা এর বেশি কিছু বলছি না। অস্ত্র আগেই উদ্ধার হয়েছে। খুনের মোটিফ আমরা খতিয়ে দেখছি।
