
নদিয়া, ৩০ আগস্ট : রাজনৈতিক হিংসা যেন থামছেই না বঙ্গভূমিতে, এবার নদিয়া জেলায় খুন হলেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির ছেলে। নদিয়ার নাকাশিপাড়ায় তৃণমূলের ব্লক সভাপতির বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে এবং ধারালো অস্ত্রের কোপ মেরে খুন করা হল তাঁর ছেলেকে। এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় চার জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খুন এবং হামলার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে দলেরই বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে।
বুধবার সকাল ৮টা নাগাদ নদিয়ার নাকাশিপাড়ার ধাপারিয়া অঞ্চলে তৃণমূল বুথ সভাপতি মহতালি দফাদারের বাড়িতে এক দল দুষ্কৃতী ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হন বুথ সভাপতির ছেলে মতিয়াজুল রহমান দফাদার, তাঁর ভাইপো সামাজিক দফাদার-সহ আরও দু’জন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মতিয়াজুল রহমান দফাদারকে (৩৫) মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
আক্রান্ত পরিবার জানিয়েছে, বুধবার সকালে সকলে বাড়ির দাওয়ায় বসে চা খাচ্ছিলেন। সেই সময় হঠাৎই কয়েকজন বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পরিবারের সদস্যদের ছুরি দিয়েও কোপ মারা হয়। নাকাশিপাড়া ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য সিরাজ শেখ বলেন, “আমাদের দলের কেউ এই ঘটনার সঙ্গে কোনও ভাবে যুক্ত নয়, ব্যক্তিগত বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে।”
