
দার্জিলিং, ১৩ নভেম্বর : ঘুম ফেস্টিভ্যালে মেতে উঠলেন পাহাড়ের মানুষ। স্থানীয়দের পাশাপাশি ঘুম ফেস্টিভ্যাল দেখতে পাহাড়ে নামল পর্যটকের ঢল। হিমের পরশ গায়ে মেখে রাতে টয় ট্রেনে জয় রাইড উপভোগ করতে পেরে দারুণ খুশি পর্যটক মহল । অন্যদিকে বাড়তি সময় জয় রাইড চালিয়ে ভাল মুনাফা হচ্ছে হিমালয়ান রেলের ।
শনিবার অর্থাৎ ১২ নভেম্বর থেকে শুরু হয়েছে ঘুম ফেস্টিভ্যাল । চলবে ৫ডিসেম্বর পর্যন্ত। এই ফেস্টিভ্যাল উপলক্ষে আগেই অভিনব উদ্যোগ নিয়েছিল দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ। ফেস্টিভ্যালে রাতে জয় রাইডের উদ্যোগ ডিএইচআর কর্তৃপক্ষের। টয় ট্রেন চলবে রাত ৬টা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত। দার্জিলিং রেল স্টেশন থেকে ঘুম পর্যন্ত ১০ কিলোমিটার পথে কু-ঝিকঝিক শব্দে অন্ধকারের বুক কাঁপিয়ে এগিয়ে চলবে খেলনা গাড়ি। মাঝে বাতাসিয়া লুপে ১৫ মিনিটের বিশ্রাম। এরপর ঘুম স্টেশনে ২৫ মিনিটের বিশ্রাম। তারপর ঘুম থেকে আবার দার্জিলিং স্টেশন ফেরত। একদিকে হিমের পরশ গায়ে মেখে রাতে জয় রাইড উপভোগ করতে পেরে যেমন দারুণ খুশি পর্যটক মহল, অন্যদিকে, বাড়তি সময় জয় রাইড চালিয়ে ভালো মুনাফা হচ্ছে বলে জানালেন।
পাহাড়ি নিস্তব্ধতার বুক চিরে ছুটে চলেছে টয় ট্রেন। কুয়াশা ঢাকা পাহাড়ি পথে ধোঁয়া উড়িয়ে খেলনা গাড়ি চলেছে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। কেউ এসেছেন প্রথমবার, কেউ বার কয়েক। কিন্তু দার্জিলিংয়ে আসার নেশা যেন কিছুতেই কমতে চায় না। শীতের শুরুতে দার্জিলিং ভ্রমণ। সঙ্গে জয় রাইড। এক অনাবিল আনন্দ। আর সেই আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে ঘুম ফেস্টিভ্যাল। ঘুম ফেস্টিভ্যালে আয়োজন করা হয়েছে নানা লোক সংস্কৃতির। নাচ, গান সহ নানা স্থানীয় সংস্কৃতির সমাহার। যা আমাদের চেনা পরিচিত গণ্ডির একেবারে বাইরে। নির্দিষ্ট কয়েকটি দিনে রাখা হয়েছে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামও।
