
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আবাস যোজনায় শাসকদলের ‘দুর্নীতি ও স্বজনপোষণ’-এর অভিযোগ তুলে বুধবার গঙ্গাজলঘাটি ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন দেয় বিজেপি। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিংহ ও শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরির নেতৃত্বে বিজেপি কর্মীরা ওই দিন অমরকানন কলেজ মোড় থেকে মিছিল করে গঙ্গাজলঘাটি বিডিও অফিসে যান।পুলিশের বাধা অগ্রাহ্য করে তারা বিডিও অফিসে ঢুকে পড়ে বলে অভিযোগ। এর পাল্টা বৃহস্পতিবার অমরকাননে সভা করে তৃনমূলও।
সভায় শাসক দলের নেতা হৃদয় মাধব দুবে বলেন, ‘‘বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার নিয়ম হল, প্রতিনিধিদল ভিতরে ঢুকবে। বাকিরা বাইরেই দাঁড়াবেন। কিন্তু বিজেপির ডেপুটেশনের ক্ষেত্রে তা হয়নি। বিজেপির লোকজন কী ভাবে বিডিও অফিস চত্বরে ঢুকে পড়ল, তার কৈফিয়ৎ বিডিও আর থানার আইসিকে দিতে হবে।’’ তিনি আরো বলেন, ‘‘তৃণমূল একটি রাজনৈতিক দল। আমরা রাজনৈতিক ভাবে লড়াই করে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ দখল করে সরকার চালাচ্ছি। যদি বিডিও ও আইসি বিজেপির পক্ষপাতিত্ব করে যান, তা হলে আমরা থানা ও বিডিও অফিস ঘেরাও করব।’’
এই সভার ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই সমালোচনায় সরব হয়েছে বিজেপি।বিষ্ণুপুরের বিজেপি নেতা বিল্লেশ্বর বলেন, ‘‘আমরা ওই দিন শান্তিপূর্ণ ভাবে বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছিলাম। আসলে সেই দিনের কর্মসূচিতে আমাদের জমায়েত দেখে ভয় পেয়ে এখন প্রলাপ বকছেন তৃণমূল নেতারা।’’
