
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হুগলির তারকেশ্বরের নস্করপাড়া দক্ষিণ গ্রামে ৪০ বছর পরে ইলেকট্রিক পোস্ট বসানো হয়েছে। লাগানো হয়েছে কয়েকটি এলইডি লাইট। বাকি পোস্টে কয়েকদিনের মধ্যে আলো লাগানো হবে বলে আশ্বাস মিলেছে। গ্রামবাসীরা স্বভাবতই অত্যন্ত খুশি। তাঁদের কথায়, আলোর সমস্যা মিটল। এবার লক্ষ্য রাস্তা মেরামত।
বামফ্রন্টের এত বছরের শাসনকালে হয়নি। তৃণমূল জমানায় সেই আক্ষেপ মিটল তারকেশ্বরের গৌরীবাটি নস্করপাড়া দক্ষিণ গ্রামে। সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের গৌরীবাটি নস্করপাড়ার দক্ষিণ দিকের অংশের নাগরিকরা দীর্ঘদিন ধরেই রাস্তা এবং আলোর সমস্যায় ভুগছিলেন। কারণ, নস্করপাড়ার এই অংশে রাস্তা একেবারে জরাজীর্ণ, নেই পর্যাপ্ত আলো। ফলে যাতায়াতে বিভিন্ন সময় সমস্যা দেখা দেয়। বিশেষ করে অসুস্থ মানুষকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা আরও গুরুতর। দীর্ঘ ৪০ বছর ধরেই এভাবে কষ্টের মধ্যে কেটেছে দিন। এবার সেই কষ্টে ইতি। আলো পেলেন নস্করপাড়া দক্ষিণ গ্রামের বাসিন্দারা।
স্বাভাবিকভাবেই দীর্ঘ ৪০ বছর পর গ্রামবাসীরা আলো পেয়ে খুব খুশি। কয়েকমাসের মধ্যে বাকি ইলেকট্রিক পোস্টেও আলো বসবে বলে জানা গিয়েছে।
